অনুচ্চারিত

To read in English: https://paromis.substack.com/
অনুচ্চারিত সেইসব মানুষের গল্প, যাদের জীবনের প্রশ্নগুলোর সহজ কোনো উত্তর নেই।
এখানে একটি পুরোনো বাড়ি আছে। সন্ধে নামলে দূরে কোথাও শাঁখ বাজে। একটি দরজা আছে, যার রং একদিন বদলে গিয়েছিল; তারপর কেউ আর সে কথা তোলেনি। কয়েকজন মানুষ আছে, যারা একে অপরকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার পরিমাণ কখনও মাপা হয় না, ভাষাও পায় না। কেউ কেউ বহু দূরে চলে গেছে; তবু কিছু গন্ধ, কিছু শব্দ, কিছু অভ্যাস তাদের সঙ্গে রয়ে গেছে, অদৃশ্য উত্তরাধিকারের মতো।
বড় কোনো দাবি নিয়ে নয়, সেই নীরব মানুষগুলোর গল্প নিয়েই এই দরজায় দাঁড়ানো। এমন কিছু জীবন, যাদের কথা সাধারণত উচ্চস্বরে বলা হয় না; তবু তাদের ভালোবাসা, অভিমান, স্মৃতি আর না-বলা কথাগুলো একটি পরিবারের ভেতর বছরের পর বছর বেঁচে থাকে। কখনও ক্ষত হয়ে, কখনও আশ্রয় হয়ে।
অনুচ্চারিত দ্রুত ঘটনার উপন্যাস নয়। এই গল্প নিজের মত আবহমান। চায়ের কাপে জমে ওঠা সরের মতো, ভোরের উঠোনে ঝরে থাকা শিউলির মতো, কিংবা বহু দূরে গিয়েও হঠাৎ ফিরে আসা কোনো পরিচিত গন্ধের মতো; যার উৎস মনে পড়ে না, অথচ হৃদয় তাকে চিনে ফেলে।
এই লেখার গায়ে কাশীর ঘাটের আলো আছে, সযত্নে রাখা বইয়ের পাতার ভাঁজে না-পাঠানো চিঠি আছে, আছে সন্ধেবেলার শঙ্খধ্বনি। আবার লেগে আছে বরফে ঢাকা কোনো দূর শহরের জানলার ধারে হঠাৎ থমকে যাওয়া, যেন বহুদিন আগের কিছু মনে পড়ল, অথচ ঠিক কী, তা আর বলা গেল না।
একটি ভাষা। দুটি দেশ।
একটি পরিবার। বহু দূরত্ব।
তবু এই গল্প কোনো একটি শহর বা একটি পরিবারের মধ্যে আবদ্ধ নয়। দেশ বদলায়, দূরত্ব বদলায়, ঘরের চেহারা বদলে যায়; মানুষের ভেতরের কিছু প্রশ্ন থেকে যায় একই রকম।
আপনি যদি উত্তেজনার চেয়ে ধীর আবেগে বিশ্বাস করেন, চরিত্রের উচ্চারিত কথার পাশাপাশি তাদের নীরবতাও শুনতে ভালোবাসেন, এবং এমন গল্প খোঁজেন যা শেষ পাতা পেরিয়েও কিছুক্ষণ মনে থেকে যায়—তবে হয়তো অনুচ্চারিত আপনার জন্য।
কণ্ঠটি নতুন। গল্পটি বহুদিন ধরে অপেক্ষা করছিল।
আন্তরিক স্বাগত।
Indian Bengali literary fiction about memory, migration, family, and the quiet resilience of women.
Paromi writes original Bengali literary fiction and reflective essays about memory, family, silence, and the inner lives we rarely speak about. If you enjoy novels that unfold gently, where emotional depth matters more than spectacle, you may feel at home here.
If you prefer reading in English, the complete English edition is being published at paromis.substack.com. It has been written and edited independently for English readers, and offers a more natural reading experience than automatic translation.
